যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের জন্য গোপনে অস্ত্র আনছিল সৌদি জাহাজ ‘বাহরি ইয়ানবু’। ইতালির জেনোয়া বন্দরে পৌঁছালে শ্রমিকরা অভিযান চালিয়ে জাহাজে অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করেন। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ ভবিষ্যতে অস্ত্রবাহী জাহাজ ঠেকাতে নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছে।

ইতালির জেনোয়া বন্দরে গোপনে অস্ত্র পরিবহনের অভিযোগে সৌদি আরবের একটি জাহাজ আটকানো হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বোঝাই করে আনা এই জাহাজটির নাম ‘বাহরি ইয়ানবু’। এর গন্তব্য ছিল ইসরায়েল, পরে আবুধাবি পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনা ছিল।

৮ আগস্ট জেনোয়া বন্দরে পৌঁছানো জাহাজটিতে অতিরিক্ত অস্ত্র তোলার কথা ছিল। তবে খবর পেয়ে প্রায় ৪০ জন বন্দরকর্মী জাহাজে উঠে অস্ত্র ও গোলাবারুদের উপস্থিতি নিশ্চিত করেন। তদন্তে জানা যায়, জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে অস্ত্র বোঝাই করেছে।

জেনোয়ার ‘অটোনোমাস কালেক্টিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়ন’-এর সদস্য হোসে নিভোই বলেন, “আমরা যুদ্ধের জন্য কাজ করি না।” বন্দর কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘অস্ত্র চোরাচালান’ হিসেবে ধরে ভবিষ্যতে স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে।

এ ঘটনা নতুন নয়—২০১৯ সালেও জেনোয়া বন্দরের শ্রমিকরা একইভাবে অস্ত্রবাহী জাহাজ আটকেছিলেন। গাজায় ৭ অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলের হামলা শুরুর পর ইউরোপজুড়ে বন্দরকর্মীরা এমন অস্ত্র পরিবহন ঠেকাতে সরব হয়ে উঠেছেন।

সম্প্রতি, ৪ জুন ফ্রান্সের ফোস-মার্সেই বন্দরের কর্মীরাও ইসরায়েলের জন্য আনা অস্ত্র উপকরণ তুলতে অস্বীকৃতি জানান, ফলে জাহাজটি বোঝাই না করেই ফিরে যায়।

 

Walton Ads