পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন—সিন্ধু নদীর পানি রোধের চেষ্টা করলে পাকিস্তান প্রতিক্রিয়ায় সীমাহীন শক্তি প্রয়োগ করবে। পানি চুক্তি লঙ্ঘন, বাঁধ ধ্বংসের সম্ভাবনা এবং প্রতিটি প্রদেশের প্রস্তুতি, ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় উত্তেজনা বৃদ্ধি করছে, যা দুই দেশের মধ্যে নতুন ধরনের ‘পানি যুদ্ধের’ শঙ্কা বাড়াচ্ছে।
সিন্ধু নদীর পানিপ্রবাহ রোধের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার ১২ আগস্ট ইসলামাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যতই চেষ্টা করুক না কেন, পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না ভারত। যদি এমন কিছু করে, পাকিস্তান তোমাদের এমন শিক্ষা দেবে যে, কান ধরে দাঁড়াতে হবে।”
এ বছরের এপ্রিলের পাহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে এবং সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেয়। ইসলামাবাদ একে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ আখ্যা দিয়ে জানিয়েছে, চুক্তি একতরফাভাবে স্থগিত করা যাবে না এবং এটি ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।
জুনে দ্য হেগের স্থায়ী সালিশি আদালত (PCA) জানায়, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারবে না। সোমবার আদালত আবারও স্পষ্ট করে, পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি পাকিস্তানের ‘অবাধ ব্যবহারের’ জন্য প্রবাহিত রাখতে হবে। তবে ভারত PCA রায় মানতে অস্বীকার করেছে।
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেন, “যুদ্ধ চাপিয়ে দিলে পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ প্রতিরোধে প্রস্তুত।” এদিকে সেনাপ্রধান আসিম মুনি সতর্ক করে বলেন, ভারত যদি পানি বন্ধের চেষ্টা করে, পাকিস্তান প্রয়োজনে বিতর্কিত বাঁধ ধ্বংস করতে বাধ্য হবে।