যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহু প্রতীক্ষিত বৈঠকের ঠিক আগে এক চমকপ্রদ মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তার দাবি— “ইউক্রেনের যুদ্ধে রাশিয়া জিতেছে।”
আগামী শুক্রবার আলাস্কায় বসছে ট্রাম্প-পুতিনের মুখোমুখি বৈঠক, যেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধ করাই মূল আলোচ্য বিষয়। কিন্তু তার আগেই মঙ্গলবার ইউটিউব চ্যানেল ‘প্যাট্রিয়ট’-কে দেওয়া সাক্ষাৎকারে অরবান বললেন, “অনেকে ভাবছে যুদ্ধ এখনও চলছে, কিন্তু আসলে তা নয়। ইউক্রেন হেরে গেছে, রাশিয়া জিতেছে। এখন শুধু প্রশ্ন হলো— পশ্চিমারা কবে এবং কোন পরিস্থিতিতে এই সত্যি স্বীকার করবে।”
২০১০ সাল থেকে ক্ষমতায় থাকা ভিক্টর অরবান শুরু থেকেই রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে তিনি বরাবরই আপত্তি জানিয়ে এসেছেন, যা ইউরোপের বহু নেতার তীব্র সমালোচনার কারণ হয়েছে।
সোমবার ইউরোপীয় ইউনিয়নের ২৬টি সদস্য রাষ্ট্র ও সরকারপ্রধান এক যৌথ বিবৃতিতে বলেছে— ইউক্রেন যেন নিজের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা পায়। কিন্তু অরবান ছিলেন একমাত্র নেতা, যিনি এতে সায় দেননি।
হাঙ্গেরি তাদের জ্বালানির বেশিরভাগই রাশিয়া থেকে আমদানি করে এবং শুরু থেকেই ইউক্রেনের জন্য অস্ত্র পাঠাতে কঠোরভাবে অস্বীকৃতি জানিয়েছে। অরবান ইউক্রেনের ইইউ সদস্যপদ নিয়েও আপত্তি তুলেছেন, তার মতে— এতে হাঙ্গেরির কৃষক ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পরও অরবান পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। মুদ্রাস্ফীতির চাপে নাজুক হয়ে পড়া দেশের অর্থনীতি বাঁচাতেই তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক অটুট রাখার কৌশল বেছে নিয়েছেন।