ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক “অপরিবর্তিত” রয়েছে। এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস, মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে।
এ খবর আসে এমন এক সময়ে, যখন পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মাত্র কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে অবস্থান করে ভারতকে সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তাঁর ভাষায়, “ভারত যদি পাকিস্তানের পানির অধিকার অস্বীকার করে, তাহলে প্রয়োজনে পারমাণবিক যুদ্ধ শুরু করতেও আমরা পিছপা হব না।”
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফর বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ওয়াশিংটন ইতিমধ্যেই স্পষ্ট করেছে— ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অপরিবর্তিত, এবং তারা দুই দেশের প্রতিই সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
গত দুই মাসে আসিম মুনির যুক্তরাষ্ট্রে দুইবার সফর করেছেন। সফরের সময় তিনি দাবি করেছেন, পারমাণবিক হামলা হলে “বিশ্বের অর্ধেক ধ্বংস হয়ে যাবে।” যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে এটি ছিল প্রথম এ ধরনের পারমাণবিক হুমকি।
পটভূমিতে রয়েছে সিন্ধু পানিবণ্টন চুক্তি। ভারত একতরফাভাবে চুক্তিটি স্থগিত করেছে, যা পাকিস্তান যুদ্ধ ঘোষণার সমান বলে ঘোষণা করেছে। চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানে পানিসঙ্কট দেখা দিলেও ভারত অবস্থান পরিবর্তন করেনি। এ নিয়েই আসিম মুনির এই হুমকি দেন।
স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ট্যামি ব্রুস জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক উত্তেজনার সময় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বলেন, “সম্ভাব্য এক বড় বিপর্যয় ঠেকাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আমাদের জন্য গর্বের বিষয়।”
ব্রুস আরও বলেন, “আমরা একবার পাকিস্তান ও ভারতের মধ্যে এমন সংঘাতের মুখোমুখি হয়েছিলাম, যা ভয়াবহ আকার নিতে পারত। সে সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।”