ভারতের কংগ্রেস নেতা ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, বিজেপির দুই সাংসদ তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন! আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, হুমকিদাতারা বলেছেন তার পরিণতি হবে তার দাদি ইন্দিরা গান্ধীর মতো - যিনি ১৯৮৪ সালে আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন।
রাহুল গান্ধী এই বিষয়টি আদালতে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে উত্থাপন করেছেন। তার আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, এই হুমকি শুধু ব্যক্তিগত নয়, বরং এটি রাজনৈতিক প্রতিশোধেরই অংশ।
ঘটনার শুরু ২০২২ সালের 'ভারত জোড়ো যাত্রা'র সময়। তখন বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে রাহুলের একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই মন্তব্যের জেরে মহারাষ্ট্রের নাসিক আদালতে তার বিরুদ্ধে মানহানির মামলা হয়। সম্প্রতি তিনি সেই মামলায় জামিন পেয়েছেন।
রাহুলের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি - নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার আন্দোলন, সংসদে 'হিন্দুত্ব' নিয়ে বিতর্ক এবং বিজেপি নেতাদের সমালোচনা - সবকিছুই আদালতের নথিতে যুক্ত করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, যারা হুমকি দিয়েছেন তারা সাভারকরের অনুসারী, যা রাহুলের নিরাপত্তা নিয়ে বড় ধরনের আশঙ্কা তৈরি করেছে। কংগ্রেসের দাবি, এই ধরনের প্রকাশ্য হুমকি ভারতের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।