গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা পাঁচজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে যারা ত্রাণ সংস্থার কর্মীর ছদ্মবেশে ঘুরছিলেন। সেনাবাহিনী জানায়, নিহতরা যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন বা ডব্লিউসিকে-এর সঙ্গে যুক্ত ছিলেন না। তারা সংস্থার পোশাক পরে হুমকি তৈরি করছিলেন।

ইসরায়েলি সেনারা আরও জানায়, নিহতরা হলুদ জ্যাকেট পরে ডব্লিউসিকের লোগো দেখাচ্ছিলেন, যাতে নিজের কার্যকলাপ আড়াল করা যায় এবং মানবিক সংস্থার আস্থা কাজে লাগিয়ে লক্ষ্যবস্তু হওয়া এড়ানো যায়।

অন্যদিকে, ডব্লিউসিকে মঙ্গলবার রাতে এক্স-এ প্রকাশিত বিবৃতিতে বলেছে, ওই ব্যক্তি ও গাড়ি তাদের সংস্থার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। সংস্থা কঠোরভাবে নিন্দা জানিয়ে বলেছে, মানবিক সংস্থার ছদ্মবেশে কাজ করা অত্যন্ত বিপজ্জনক এবং সাধারণ মানুষ ও ত্রাণকর্মীদের জীবন ঝুঁকিতে ফেলে।

গত ডিসেম্বরে ডব্লিউসিকে গাজায় কয়েকজন ফিলিস্তিনি কর্মীকে বরখাস্ত করেছিল, যখন ইসরায়েল অন্তত ৬২ জন কর্মীর বিরুদ্ধে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলে। তবে নিহতদের নাম-পরিচয় ইসরায়েল প্রকাশ করেনি।

এর আগে গত বছরের এপ্রিলে গাজায় ইসরায়েলি হামলায় ডব্লিউসিকের তিনটি গাড়ি লক্ষ্যবস্তু হয়, যেখানে সাতজন কর্মী নিহত হন। ওই ঘটনার জন্য ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল।

 

Walton Ads