উত্তর কোরিয়া সীমান্তে বসানো প্রচারণামূলক লাউডস্পিকার সরিয়ে নিয়েছে—দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এমন দাবিকে সোজাসাপ্টা ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। বৃহস্পতিবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত ইংরেজি ভাষার বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দেন—“আমরা কখনও লাউডস্পিকার সরাইনি, সরানোর কোনো ইচ্ছাও নেই।”

এর আগে দক্ষিণ কোরিয়া দাবি করেছিল, সীমান্তে স্থাপিত লাউডস্পিকার সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কিম ইয়ো জং বলেন, দক্ষিণের উত্তেজনা কমানোর চেষ্টা অর্থহীন ও অপ্রাসঙ্গিক।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জুন মাসে ক্ষমতায় এসে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে শর্তহীন সংলাপের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এমন সময়ে উত্তর কোরিয়ার এই কড়া বার্তা এল, যখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ১৮ থেকে ২৮ আগস্ট বার্ষিক যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। মহড়াটির মূল লক্ষ্য উত্তর কোরিয়ার সামরিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখা।

উত্তর কোরিয়া সবসময়ই এই মহড়াগুলোকে সরাসরি আক্রমণের অনুশীলন হিসেবে দেখে। এবারও কিম ইয়ো জং তীব্র ভাষায় বলেন—“দক্ষিণ তাদের লাউডস্পিকার সরাক বা না সরাক, সম্প্রচার চালু রাখুক বা বন্ধ করুক, মহড়া স্থগিত করুক বা না করুক—আমাদের কোনো আগ্রহ নেই। সিউলের নীতি ডিপিআরকের প্রতি অপরিবর্তিত ছিল এবং থাকবে।”

 

Walton Ads