মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্কে ভারতের চামড়া শিল্প দমবন্ধ অবস্থায় পড়েছে। বিশেষ করে জুতা ও চামড়াজাত পণ্যের অন্যতম কেন্দ্র আগ্রার ব্যবসায়ীরা এখন বড় ধাক্কা পাচ্ছেন।
ভারতীয় চামড়া ও জুতার ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক ঘোষণার পর থেকে প্রায় থমকে গেছে রফতানি। মাত্র চার মাস আগেও যারা মার্কিন বাজারে ব্যবসা বাড়ানোর স্বপ্ন দেখছিলেন, তারা এখন প্রতিদিনই ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হওয়ার খবর পাচ্ছেন।
আগে ২৫ শতাংশ শুল্ক থাকলেও ভারত আশা করেছিল প্রতিযোগিতা ধরে রাখার। কিন্তু এক লাফে দ্বিগুণ হওয়ায় আগ্রা, কলকাতা, চেন্নাই, কানপুরের হাজারো ক্ষুদ্র ও মাঝারি কারখানা অনিশ্চয়তায় ডুবে গেছে।
শরৎ-শীত মৌসুম আগ্রার সবচেয়ে ব্যস্ত সময় হলেও এখন মার্কিন ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। অনেকে চলে যাচ্ছেন চীন ও ভিয়েতনামে—যেখানে শুল্ক তুলনামূলক কম, চীনে ৩০ শতাংশ আর ভিয়েতনামে মাত্র ২০ শতাংশ। উৎপাদকরা বলছেন, ক্রেতারা শুল্কের বোঝা ভাগ করে নেওয়ার চাপ দিচ্ছেন, যা প্রায় অসম্ভব।
পরোক্ষ ব্যবসাতেও প্রভাব পড়েছে। কানপুরের ট্যানারি মালিকরা জানান, মার্কিন বাজারের জন্য প্রস্তুত হওয়া চামড়ার কাজ মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে।
এখন ব্যবসায়ীরা নতুন বাজার খুঁজছেন, বিশেষ করে রাশিয়া ও দেশীয় বাজারে। রাশিয়া একসময় আগ্রার বড় ক্রেতা ছিল। শিল্পমহলের অনেকে মনে করেন, এই শুল্ক ট্রাম্পের কৌশলগত পদক্ষেপ। আমেরিকা-ভারত আলোচনায় সমঝোতা হলে পরিস্থিতি আগের মতো ফিরতে পারে।