ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ‘গ্রেটার ইসরাইল’ মন্তব্যকে চরমপন্থী ও বিপজ্জনক বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি মনে করছে, তেল আবিবের এই বিস্তারবাদী ও ঔপনিবেশিক মনোভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের শান্তির জন্য হুমকি হতে পারে।
বৃহস্পতিবার ১৪ আগস্ট জিও টিভি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওআইসির বিবৃতিতে নেতানিয়াহুর বক্তব্যকে “চরমপন্থা, উসকানি, আগ্রাসন এবং অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞার ভাষার সম্প্রসারণ” হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। সংস্থাটি মনে করছে, এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইনের মূলনীতিরও স্পষ্ট লঙ্ঘন।
ওআইসি সতর্ক করে জানিয়েছে, এই ধরনের বিস্তারবাদী বক্তব্য সহিংসতার নতুন চক্র সৃষ্টি করতে পারে, সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিপন্ন করবে।
গত মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি কথিত ‘গ্রেটার ইসরাইল’ ধারণার প্রতি অত্যন্ত অনুরক্ত এবং নিজেকে একটি “ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনের” অংশ হিসেবে দেখেন।
তার এই মন্তব্যের পর সৌদি আরব, কাতার, জর্ডান ও ইয়েমেনসহ আরব লীগের বহু দেশ ইসরায়েলের এই অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে।