মার্কিন রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে—সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন যদি তার বিরুদ্ধে দেওয়া বিস্ফোরক মন্তব্য প্রত্যাহার না করেন, তবে তিনি মানহানির মামলা করবেন।

ঘটনার সূত্রপাত হান্টারের সাম্প্রতিক এক সাক্ষাৎকার থেকে। সেখানে তিনি দাবি করেন, কুখ্যাত যৌন পাচারকারী জেফরি এপস্টাইনই ট্রাম্প ও মেলানিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং তাদের মধ্যে ‘গভীর সম্পর্ক’ ছিল। হান্টার উল্লেখ করেছেন, এই তথ্য তিনি পেয়েছেন লেখক মাইকেল উলফের কাছ থেকে।

জেফরি এপস্টাইন ছিলেন সাবেক মার্কিন অর্থ ব্যবস্থাপক, যার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ, যৌন নির্যাতন ও নারী পাচারের ভয়াবহ অভিযোগ ছিল। ২০১৯ সালের ১০ আগস্ট ম্যানহাটনের কারাগারে তিনি মৃত অবস্থায় পাওয়া যান। ময়নাতদন্তে জানা গেছে, তিনি আত্মহত্যা করেছেন।

মেলানিয়ার আইনজীবী আলেজান্দ্রো ব্রিটো হান্টারের কাছে পাঠানো আইনি নোটিশে লিখেছেন, এই বক্তব্য “মিথ্যা ও মানহানিকর”। মন্তব্য প্রত্যাহার না করলে মেলানিয়া আইনি পদক্ষেপ নেবেন।

উল্লেখ্য, ট্রাম্প দম্পতি বরাবরই দাবি করে আসছেন, ১৯৯৮ সালে নিউ ইয়র্ক ফ্যাশন উইকের এক পার্টিতে মডেলিং এজেন্ট পাওলো জাম্পোলিই তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন।

 

Walton Ads