ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ নেতা সাইয়্যেদ আবদুল মালিক আল-হুথি প্রকাশ্যে আক্রমণ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে। তার মতে, এই পরিকল্পনা কেবল অপমানজনক নয়, বরং পুরো আরব বিশ্বের জন্য সরাসরি যুদ্ধের ডাক।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক ভাষণে তিনি বলেন, “আরব জাতি যদি বিভক্ত থাকে আর বশ্যতা মেনে নেয়, তবে এই ইসরায়েলি প্রকল্প তাদের অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে।” তিনি জানান, ইতিমধ্যেই কিছু আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে, আবার কেউ কেউ বয়কটের নীতি মেনে চলছে।
আল-হুথি আরও দাবি করেন, চলতি সপ্তাহে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের ইয়াফা, হাইফা, আশকেলন, বেয়ার-শেভা ও এলাত অঞ্চলে একাধিক হামলা চালিয়েছে। শুধু তাই নয়, লোহিত সাগরের উত্তর প্রান্তে অবরোধ ভাঙার চেষ্টা করা একটি জাহাজেও তারা আঘাত হেনেছে। তার ভাষায়, এসব অভিযান ছিল ইসরায়েলি আগ্রাসনের সরাসরি জবাব এবং ফিলিস্তিনি সংগ্রামের প্রতি দৃঢ় সমর্থন।
তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে আল-আকসা মসজিদের পবিত্রতা রক্ষার আহ্বান জানান। সতর্ক করে বলেন, পবিত্র স্থানগুলিকে অবহেলা করা মানে মুসলিম পরিচয় ও নৈতিক মূল্যবোধ ধ্বংসের পথ তৈরি করা।
আল-হুথি অভিযোগ করেন, কিছু আরব সরকার মার্কিন ও ইসরায়েলি নির্দেশ মেনে চলছে, যা পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক। বিশেষ করে লেবানন সরকারের এক মার্কিন প্রস্তাব গ্রহণের সমালোচনা করে তিনি একে ‘বিশ্বাসঘাতকতা’ এবং ‘সার্বভৌমত্ব বিসর্জন’ হিসেবে উল্লেখ করেন।
সবশেষে তিনি সতর্ক করে বলেন, বিভিন্ন দেশের অস্ত্র কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা চলছে, তা আসলে জায়নিস্ট ষড়যন্ত্রের অংশ। তার ভাষায়— “এ ধরনের ষড়যন্ত্রে কেউ পা দিলে সেটা হবে ভয়াবহ বিপর্যয়।”