অস্ট্রেলিয়ার মেলবোর্নে সুপারমার্কেট থেকে কোটি ডলারের পণ্য চুরি হওয়ার অভিযোগে পুলিশ ১৯ জনকে আটক করেছে। চুরি করা পণ্যের বাজারমূল্য প্রায় এক কোটি অস্ট্রেলীয় ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯ কোটি টাকার বেশি।
পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক, যারা অস্থায়ী, স্টুডেন্ট বা ব্রিজিং ভিসায় অস্ট্রেলিয়ায় অবস্থান করছিল।
পুলিশ জানায়, গত পাঁচ মাস ধরে চক্রটি বিভিন্ন সুপারমার্কেট থেকে শিশু খাদ্য, ওষুধ, ভিটামিন, প্রসাধনী ও ইলেকট্রনিক টুথব্রাশসহ নানা জিনিস চুরি করে ‘রিসিভারদের’ হাতে দিত। পরে এসব পণ্য বাজারে বিক্রি করা হতো।
আটকদের মধ্যে তিনজন যুবক (২০-এর ঘরে) প্রত্যেকে এক লাখ ডলারের বেশি মূল্যের জিনিস চুরি করেছে বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে হাজির না হওয়া পর্যন্ত জেল হেফাজতে রাখা হবে।
অপারেশন সুপারনোভা নামে তদন্তটি পরিচালনা করেছে বক্স হিল ডিভিশনাল রেসপন্স ইউনিট, যেখানে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স সহযোগিতা করেছে।
অস্ট্রেলীয় পুলিশ জানায়, খুচরা চুরি ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের দ্রুত বাড়তে থাকা অপরাধগুলোর মধ্যে অন্যতম। গত এক বছরে এই ধরনের ৪১,২৭০টি চুরি রেকর্ড হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি।
ডিটেকটিভ অ্যাক্টিং ইন্সপেক্টর রাচেলে সিয়াভারেলা বলেন, “এটি সাম্প্রতিক সময়ে সংগঠিত খুচরা চুরি মোকাবিলায় আমাদের অন্যতম বড় অভিযান।”