ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর 'গ্রেটার ইসরাইল' পরিকল্পনাকে চরমভাবে নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ৩১টি মুসলিম ও আরব দেশ। শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই দেশগুলো ইসরাইলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও অঞ্চলের শান্তির জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে।

এই জোটে রয়েছে জর্ডান, মিসর, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, পাকিস্তান, তুরস্কসহ অন্যান্য দেশ। আরব লীগ, ওআইসি ও জিসিসির নেতারাও এই বিবৃতিতে সমর্থন জানিয়েছেন। তারা স্পষ্ট বলেছেন, "আমরা জাতিসংঘ সনদ মেনে চলব, কোনো ধরনের বলপ্রয়োগ বা দমননীতি মানব না।"

বিবৃতিতে ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনাকেও কঠোর ভাষায় নিন্দা করা হয়েছে। এটিকে ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের উপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে।

জাতিসংঘের ২৩৩৪ নম্বর প্রস্তাব ও আন্তর্জাতিক আদালতের রায় উল্লেখ করে বলা হয়েছে, "দখলকৃত ভূমির জনসংখ্যা বা আইনি অবস্থা পরিবর্তনের যেকোনো চেষ্টা সম্পূর্ণ অবৈধ।" ইসরাইলের বসতি সম্প্রসারণ, জোরপূর্বক উচ্ছেদ ও ধর্মীয় স্থানে হামলার ভয়াবহ পরিণতির কথাও সতর্ক করে দেওয়া হয়েছে।

গাজার পরিস্থিতি প্রসঙ্গে বিবৃতিতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নিধন ও খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা নিশ্চিতকরণ ও অবরোধ প্রত্যাহারের জোর দাবি জানানো হয়েছে।

শেষে আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের, ইসরাইলের উপর চাপ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে যাতে ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার নিশ্চিত হয়।

 

Walton Ads