ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর ইরান জানিয়েছে, তারা চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছে যাতে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় নিষেধাজ্ঞা পুনর্বহাল না হয়।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “আমরা এই নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টা করছি। চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছি। যদি এতে কাজ না হয় এবং ইউরোপীয় দেশ নিষেধাজ্ঞা আরোপ করে, তবে আমাদের প্রতিক্রিয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
ই-থ্রি নামে পরিচিত ইউরোপের তিন শক্তিধর দেশ – ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি – জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছে, চলতি আগস্ট মাসের শেষের দিকে কূটনৈতিক সমাধান না হলে তারা ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত।
এই তিন দেশই ২০১৫ সালের ঐ চুক্তির স্বাক্ষরকারী, যার আওতায় ইরানের পরমাণু কর্মসূচিতে বিধিনিষেধের বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। চুক্তিতে একটি ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ রয়েছে, যা নিষেধাজ্ঞা পুনর্বহালের সুযোগ দেয়।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, “ইরান যদি আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন অব্যাহত রাখে, তবে আগস্টের শেষে অস্ত্র, পরমাণু সরঞ্জাম ও ব্যাংকিং খাতে বৈশ্বিক অবরোধ পুনর্বহাল হবে।”
আরাঘচি এ ব্যাপারে বলেছেন, নিষেধাজ্ঞা পুনর্বহাল ‘নেতিবাচক’ প্রভাব ফেলবে। তবে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ‘অতিরঞ্জিত’ করা হয়েছে।