যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের ওপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপের পর দেশটি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে। ট্রাম্পের মতে, রাশিয়ার তেলের বড় ক্রেতা হিসেবে ভারতকে হারানো হলো।
ট্রাম্প ৬ আগস্ট ঘোষণা দেন, নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার তেল কেনার ‘অপরাধে’ ভারতের ওপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করা হবে। এর ফলে ভারতের ওপর মার্কিন শুল্কের মোট পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশ।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “পুতিনের তেলের একটি বড় ক্রেতা হারিয়েছে, যেমনটা বলা যায় ভারত। তারা ৪০ শতাংশ রাশিয়ান তেল আমদানি করছিল। চীনও অনেক তেল আমদানি করছে।

তবে ট্রাম্প কোনো দেশের ওপর রাশিয়ার তেল কেনার জন্য নতুন শুল্ক আরোপ করবেন কি না সে বিষয়ে বলেন, “যদি আমাকে সেকেন্ডারি নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপ করতে হয়, তবে করব। কিন্তু হয়তো আমাকে এটি করতে হবে না।
ভারত যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ককে অন্যায্য বলে অভিহিত করেছে। দেশটি জানিয়েছে, তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যা করতে হবে তা করবে। প্রধানমন্ত্রীও স্পষ্ট করেছেন, অর্থনৈতিক চাপে তারা পিছু হটবেন না।

আগামী ১৮ আগস্ট থেকে এই বাড়তি শুল্ক কার্যকর হবে। তবে ভারত এখনও রাশিয়ার তেল কেনা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কায় বৈঠক শুক্রবারে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর দুই দেশের সম্পর্ক কিছুটা ‘শীতল’ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের প্রভাবে ভারতের ওপর থেকে যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক প্রত্যাহার করবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
 

Walton Ads