ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন নিজেই এক ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার জন্য ডেনমার্ক উদ্যোগ নেবে, কারণ বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর সভাপতিত্ব ডেনমার্কের হাতে রয়েছে।

দৈনিক জিল্যান্ডস-পোস্টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রেডরিকসেন বলেন, “নেতানিয়াহু এখন নিজেই একটি সমস্যা। ইসরায়েলি সরকার অনেক ক্ষেত্রেই অতিরিক্ত দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে।” তিনি গাজার মানবিক সংকটকে “সম্পূর্ণ ভয়াবহ ও বিপর্যয়কর” হিসেবে বর্ণনা করেছেন এবং অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন।

ফ্রেডরিকসেন জানান, “আমরা ইসরায়েলের ওপর চাপ বাড়াতে চাই এমন দেশগুলোর মধ্যে অন্যতম। তবে এখনো ইইউ সদস্য রাষ্ট্রগুলোর পূর্ণ সমর্থন পাইনি।” তিনি আরও জানান, তারা রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মতো বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছেন—হোক সেটা বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে, ইসরায়েলি মন্ত্রীরা বা পুরো দেশের বিরুদ্ধেই। এর মধ্যে বাণিজ্য ও গবেষণা খাতেও নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেছেন।
তিনি বলেন, “আমরা আগে থেকেই কিছুই বাদ দিচ্ছি না। রাশিয়ার ক্ষেত্রে যেমন পদক্ষেপ নেওয়া হয়েছিল, তেমনই আমরা নিষেধাজ্ঞা এমনভাবে নকশা করব যাতে সবচেয়ে কার্যকর জায়গায় আঘাত হানে।” তবে ফ্রেডরিকসেন স্পষ্ট করে বলেন, ডেনমার্ক এখন পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি।
 

Walton Ads