গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। ইসরায়েলি হামলায় আহত রোগীতে হাসপাতাল উপচে পড়ছে। কিন্তু ওষুধের অভাবে চিকিৎসা দিতে পারছে না কর্তৃপক্ষ। এতে দুই শতাধিক ফিলিস্তিনি রোগী এখন মৃত্যুঝুঁকিতে রয়েছেন।

হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে জানিয়েছেন, অনেক গুরুতর আহত রোগীকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে ক্ষতস্থান শুকানোর ওষুধের অভাবে বহু মানুষের অঙ্গ কেটে ফেলতে হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে মৃত্যুর সংখ্যা আরও বেড়ে যাবে।”

এদিকে চলমান গাজা যুদ্ধ আজ ৬৭৯তম দিনে পা দিল। গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬১ হাজার ৭৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৫৪ হাজার ৯০৬ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ১১ হাজারের বেশি মানুষ।

যদিও স্থানীয় জরিপগুলো বলছে, প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি, যা লাখ ছুঁইছুঁই।
 

Walton Ads