রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে একটি গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৩০ জন। শনিবার ১৬ আগস্ট রুশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিস্ফোরণের পর কারখানার ভবনের বড় অংশ ধ্বংস হয়ে গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কারখানার ভয়াবহ চিত্র।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণটি ঘটেছে রিয়াজান অঞ্চলের একটি ইলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ উৎপাদন কারখানায়। এর আগে ২০২১ সালেও একই কারখানায় এক বিস্ফোরণে ১৭ জন প্রাণ হারিয়েছিলেন।
রাশিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ধ্বংসস্তূপ পরিষ্কার ও আহতদের উদ্ধারে উদ্ধারকর্মীরা টানা কাজ চালিয়ে যাচ্ছেন।
রিয়াজানের গভর্নর পাওয়েল মালকভ জানিয়েছেন, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
উল্লেখ্য, রাশিয়ায় প্রায়ই এ ধরনের শিল্প কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে এবং অনেক সময় সেগুলো ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নেয়।