ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষিত “বৃহত্তর ইসরায়েল” গঠনের পরিকল্পনার বিরুদ্ধে একজোট হয়েছে ৩১টি মুসলিম দেশ। শনিবার এক যৌথ বিবৃতিতে তারা এই পরিকল্পনাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি, আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং পশ্চিম এশিয়ায় সহিংসতা ও অস্থিতিশীলতা বাড়ানোর বিপজ্জনক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে।

আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা এবং আঞ্চলিক সংস্থাগুলোর প্রতিনিধিরা বিবৃতিতে বলেন, নেতানিয়াহুর সম্প্রসারণবাদী পরিকল্পনা শুধু ফিলিস্তিন নয়, গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। তাদের ভাষায়—এটি আরব জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাব ও আন্তর্জাতিক বিচার আদালতের অবস্থান স্মরণ করিয়ে তারা সতর্ক করেন, ফিলিস্তিনি ভূমি দখল, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি সম্প্রসারণ এবং আল-আকসা মসজিদসহ পবিত্র স্থানগুলোতে আক্রমণ চালানো অব্যাহত থাকলে পুরো অঞ্চল ভয়াবহ সংকটে পড়বে।

আরব লীগ, ওআইসি বা ইসলামী সহযোগিতা সংস্থা এবং পিজিসিসি বা পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ সমর্থিত এই যৌথ বিবৃতিতে ইসরাইলি সরকারের অপরাধ, গণহত্যা, জাতিগত নিধন এবং গাজার ওপর অবরোধের তীব্র নিন্দা জানানো হয়। একইসাথে অবিলম্বে যুদ্ধ বন্ধ ও গাজার জনগণের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহুর “বৃহত্তর ইসরায়েল” গঠনের স্বপ্ন কেবল ফিলিস্তিনিদের জন্য নয়, বরং পুরো পশ্চিম এশিয়া এবং বৈশ্বিক শান্তির জন্য বড় হুমকি। এর রাজনৈতিক, সামরিক, মানবিক ও সাংস্কৃতিক পরিণতি ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেছে তারা।
 

Walton Ads