আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের অনাহারে রাখছে। সংস্থার প্রতিবেদনে বলা হয়, গাজায় চিকিৎসা কার্যক্রমে নিযুক্ত কর্মীরা জানিয়েছেন, অবরোধ ও হামলার কারণে বিপুলসংখ্যক শিশু অপুষ্টিতে ভুগছে।
এএফপি জানায়, ইসরায়েল গত দুই বছর ধরে গাজায় ত্রাণ সহায়তার প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। যদিও তারা বারবার অনাহারে রাখার অভিযোগ অস্বীকার করেছে। এএফপির অনুরোধে ইসরায়েলি সামরিক ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
অ্যামনেস্টির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে অনাহারে রাখার কৌশল ব্যবহার করছে। এই কৌশল ফিলিস্তিনিদের স্বাস্থ্য, কল্যাণ এবং সামাজিক কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল ২৫১ জনকে জিম্মি করে। এর মধ্যে ১৪৮ জন ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন। এখনও প্রায় ৫০ জন গাজায় আটক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অন্তত অর্ধেক আর জীবিত নেই।