ভারতের জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের কারণে জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সোমবার ১৮ আগস্ট জম্মুর সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, মঙ্গলবার ১৯ আগস্ট পর্যন্ত প্রবল বর্ষণ, বজ্রঝড়, মেঘভাঙা বৃষ্টি এবং আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।

গত চার দিনে কিশ্তওয়ার ও কাঠুয়া জেলায় তিনটি ভয়াবহ মেঘভাঙা বিপর্যয় ঘটে। কিশ্তওয়ারের চিনসোটি গ্রামে ভয়াবহ বৃষ্টিতে এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই ছিলেন মাচাইল মাতা মন্দিরগামী তীর্থযাত্রী। এছাড়া জেলায় আরও ৮২ জন নিখোঁজ রয়েছেন এবং অন্তত ১১৬ জন আহত হয়েছেন।

প্রশাসন জানিয়েছে, স্কুল বন্ধ রাখার পাশাপাশি সেনা, এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে একযোগে কাজ করছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে।

আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জম্মু, রিয়াসি, উদম্পুর, রাজৌরি, পুঞ্চ, সাম্বা, কাঠুয়া, ডোডা, কিশ্তওয়ার, রামবনসহ একাধিক জেলায় মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি সর্বাধিক। কাশ্মীর উপত্যকার কিছু অংশেও একই সতর্কতা জারি করা হয়েছে।
 

Walton Ads