অস্ট্রেলিয়া সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের কট্টর ইহুদিবাদী এমপি সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে দেশটির সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে রথম্যান দেশটির বিভিন্ন ইহুদি স্কুল ও সিনাগগে অনুষ্ঠান করতে যাচ্ছিলেন। এছাড়া সাম্প্রতিক ইহুদিবিদ্বেষী হামলার শিকারদের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু বিমান ছাড়ার অল্প সময় আগে তার ভিসা বাতিল করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, “যারা আমাদের দেশে বিভেদ ও ঘৃণা ছড়াতে চান, তাদের জন্য আমাদের নীতি কঠোর। আপনি যদি বিভাজনের বার্তা নিয়ে আসেন, আমরা আপনাকে চাই না।”
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের প্রধান রবার্ট গ্রেগরি এ সিদ্ধান্তকে ‘ইহুদিবিদ্বেষী’ আখ্যা দিয়ে বলেন, “এখন ইহুদিদের অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে দুবার ভাবতে হবে।”
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সম্প্রতি ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করেছে এবং ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে আগামী সেপ্টেম্বরে।