ইসরাইলের বাজান রিফাইনারিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। হামলা ঘটে ১৭ জুন ভোরের আগে। হিব্রু দৈনিক ইসরাইল হায়োম জানায়, তেল শোধনাগারের ভেতরের একটি কক্ষে থাকা তিনজন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান।
হামলায় রিফাইনারির জ্বালানি সরবরাহ ও আলোকসজ্জার ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়। বাজান কর্তৃপক্ষ ঘোষণা করেছে, সব স্থাপনাকে সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে উৎপাদন পুনরায় শুরু হবে। কোম্পানির প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতির পরিমাণ ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলার।
উল্লেখযোগ্য, ১৩ জুন থেকে ইসরাইল টানা ১২ দিন ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থানে বিমান হামলা চালিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু করে। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের নাতাঞ্জ, ফোর্ডো ও ইসফাহানে পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
ইসরাইলের আগ্রাসনের জবাবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ‘ট্রু প্রমিজ–৩’ অভিযানের অংশ হিসেবে ইসরাইলের দখলকৃত বিভিন্ন এলাকায় ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে। পাশাপাশি ইরান কাতারের আল-উদেইদ এয়ারবেসেও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এরপর ২৪ জুন থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং সংঘর্ষ স্থগিত হয়।