ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার ১৭ আগস্ট দেশজুড়ে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে হওয়া বিক্ষোভকারীদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “যারা আজ হামাসকে পরাজিত না করে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন, তারা আসলে হামাসের অবস্থানকে শক্তিশালী করছেন এবং জিম্মিদের মুক্তির দাবিতে উদ্যোগ নিচ্ছেন না। ৭ অক্টোবরের ভয়াবহতা যেন আবারও ফিরে আসে, তা নিশ্চিত করছেন।”

এর মধ্যেই গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি দাবি করে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রোববার রাতে রাজধানী তেল আবিবসহ দেশের বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ রাস্তায় নেমেছেন। হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের তথ্য অনুযায়ী, এক মিলিয়নেরও বেশি মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন।

জিম্মিদের পরিবারের সদস্যরা মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং সরকারের কাছে তাদের মুক্তি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা লিকুদ পার্টির কার্যালয়ের সামনে আগুন ধরালে পুলিশ জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ৩০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। এছাড়া আয়ালন হাইওয়ে অবরোধের চেষ্টা হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।

এই বিক্ষোভ এমন সময় হচ্ছে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা অনুমোদন করেছে। কর্মকর্তারা মনে করেন, এটি হামাসকে দুর্বল করার জন্য জরুরি। তবে সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ জিম্মিদের মুক্তি আরও জটিল করে তুলতে পারে।
 

Walton Ads