হামাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে মিসরের কায়রোতে অবস্থান করছে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে তারা মিসরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে।

সোমবার ১৮ আগস্ট ফিলিস্তিনের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান, হামাস নতুন একটি প্রস্তাব পেয়েছে। এতে প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি এবং দুই ধাপে বন্দীদের মুক্তির পরিকল্পনা
 রাখা হয়েছে। তিনি বলেন, “এই প্রস্তাব একটি কাঠামোগত চুক্তি, যা দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার সূচনা করবে।”
মধ্যস্থতাকারীদের দেওয়া এই প্রস্তাবের পর হামাস তাদের নেতৃবৃন্দ ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে পরামর্শ করবে। গাজা যুদ্ধ এখন ২৩তম মাসে প্রবেশ করেছে।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার রাফাহ সীমান্ত পরিদর্শনকালে বলেন, “ফিলিস্তিনি ও কাতারি প্রতিনিধিরা এখানে অবস্থান করছেন এবং পদ্ধতিগত হত্যাকাণ্ড ও অনাহার বন্ধে প্রচেষ্টা জোরদার করছেন।” তিনি আরও জানান, কায়রো, কাতার ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এর আওতায় কিছু বন্দী ও ফিলিস্তিনি আটককে মুক্তি দেওয়া হবে এবং গাজায় মানবিক ও চিকিৎসা সহায়তা বাধাহীনভাবে চালু হবে।

গত মাসে কাতারের রাজধানী দোহায় দুই সপ্তাহের বেশি সময় ধরে আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি। তবে এখন নতুন প্রস্তাব হামাসের কাছে পৌঁছেছে এবং আলোচনার সম্ভাবনা নতুন করে জোরালো হয়েছে।
 

Walton Ads