মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের বৈঠক সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। সোমবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন—“বৈঠকটা ছিল খুবই ফলপ্রসূ।”

হোয়াইট হাউসে আয়োজিত এই বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়। তবে সেনা মোতায়েনের বিষয়ে কোনো কথা হয়নি বলে নিশ্চিত করেছেন ন্যাটোপ্রধান।

কয়েক ঘণ্টার আলোচনার পর সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি জানান, যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক আয়োজনের উদ্যোগ নিচ্ছেন তিনি।

ট্রাম্প বলেন, “খুব শিগগিরই একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে, যেখানে থাকব আমি, প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য এটা একটি বড় পদক্ষেপ।”
এর আগে, মাত্র তিন দিন আগে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। আর এবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের নিয়ে দীর্ঘ বৈঠক করলেন তিনি।

এই বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে।
সবাই মিলেই ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা ও শান্তি আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন।
 

Walton Ads