যুক্তরাষ্ট্রে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, দুশ্চিন্তা আর হতাশা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় ফেরার পর অভিবাসন ও উচ্চশিক্ষা নীতিতে কঠোর পদক্ষেপ নেওয়ায় হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ও ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে।
২০ বছর বয়সী ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দ্রে ফা’আসো নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে এসেছেন। তিনি বলেন, ডিগ্রি শেষ করেই আমেরিকা ছেড়ে যাওয়ার কথা ভাবছেন। কারণ, হঠাৎ নীতি বদলে গেলে তার পড়াশোনা ও থাকার অধিকার রাজনৈতিক সংঘাতের শিকার হতে পারে। তিনি আরও বলেন, ‘আমরা অনেকেই ভাবছি, কোনো কারণ ছাড়াই যদি আমাকে আটক করে বা সেকেন্ডারি স্ক্রিনিংয়ে নিয়ে যায়, তখন কী হবে।’
ওহাইওর এক সিঙ্গাপুরি শিক্ষার্থী জানান, বৈধ ভিসা থাকা সত্ত্বেও সবসময় ভয়ের মধ্যে থাকতে হয়। প্রতিবাদ বা সমাবেশ এড়িয়ে চলেন, সবসময় কাগজপত্র সঙ্গে রাখেন, তবু মনে হয় যেকোনো দিন গ্রেপ্তার হতে পারেন।
এমন পরিস্থিতি অনুভব করছেন হাভার্ড স্কুল অব পাবলিক হেলথে পড়তে যাওয়া এক পূর্ব ইউরোপীয় শিক্ষার্থীও। বৈধ ভিসা আর ১০ বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আতঙ্ক কাটছে না তার।