রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোনা যাচ্ছে, আগামী দুই সপ্তাহের মধ্যে এই বৈঠক হতে পারে।
এই পরিস্থিতিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব পুতিনের সাহস নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার সাহস পুতিনের আছে কিনা, সেটাই এখন দেখার বিষয়।”
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার ১৯ আগস্ট এই তথ্য প্রকাশ করেছে।
স্টাব সাংবাদিকদের বলেন, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠক আংশিকভাবে সফল হলেও, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও জানিয়েছেন, জেলেনস্কি ও পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তবে স্টাব মন্তব্য করেছেন, “রাশিয়ার প্রেসিডেন্টকে বিশ্বাস করা যায় না। পুতিনের সত্যিই এমন বৈঠকে আসার সাহস আছে কি না, সেটাই দেখা যাবে।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট জানান, বৈঠকের মূল লক্ষ্য হলো ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে। তবে বৈঠক কোথায় হবে, তা এখনও নির্ধারিত হয়নি।
ট্রাম্প আরও বলেন, “ভাইস-প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত উইটকফ মস্কো ও কিয়েভের সঙ্গে সমন্বয় করছেন। সবাই রাশিয়া-ইউক্রেন শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আশাবাদী।