ইরানে চার ব্যক্তিকে হত্যার দায়ে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার ১৯ আগস্ট সকালে দক্ষিণ ইরানে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান।
প্রতিবেদন অনুযায়ী, ফার্স প্রদেশের বেরামে এক পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার দায়ে ওই অপরাধীকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে।
মিজান জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং তার স্ত্রী এক মা ও তার তিন শিশুকে ২০২৪ সালের অক্টোবর মাসে হত্যা করেছিলেন। অভিযুক্ত দম্পতিকে এই বছরের ফেব্রুয়ারিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং এপ্রিলে সুপ্রিম কোর্ট তাদের দণ্ড চূড়ান্ত করে।
তবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর হবে কারাগারের ভেতরে, এবং তার নির্ধারিত তারিখ এখনও প্রকাশ করা হয়নি।
ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে চীনের পরই ইরান রয়েছে।
ইরানে প্রায়ই প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা ঘটে। বিশেষ করে এমন ঘটনা যেগুলো দেশটিতে আলোড়ন সৃষ্টি করে, সেগুলোতে এই শাস্তি দেওয়া হয়। ২০২৪ সালে দেশটিতে ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যার মধ্যে কেবল ডিসেম্বরের এক সপ্তাহেই ৪০ জনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে।