উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আবারও পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কারণে উত্তেজনা বেড়ে যাওয়ায় তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কিমের মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি তাদের অস্ত্রনীতিতে দ্রুত পরিবর্তন আনার জন্য বাধ্য করছে।

সোমবার ১৮ আগস্ট তিনি নৌ ধ্বংসকারী যুদ্ধজাহাজ ‘চো হিওন’ পরিদর্শন করেন এবং অস্ত্র ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন শোনার পর বলেন, “যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক জোট স্পষ্ট করে দিচ্ছে যে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাই আমাদের পারমাণবিক সক্ষমতা বাড়ানো ছাড়া উপায় নেই।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিমের নির্দেশে দেশটির বিদ্যমান সামরিক তত্ত্ব ও অনুশীলনে দ্রুত পরিবর্তন আনা হবে এবং পারমাণবিকীকরণের প্রসার ত্বরান্বিত করা হবে। কিম অভিযোগ করেন, ওয়াশিংটন ও সিউলের যৌথ মহড়ায় পারমাণবিক উপাদান যুক্ত করা হয়েছে। 

তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দাবি, এই মহড়া শুধু প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। একই দিনে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকা সত্ত্বেও লাইভ-ফায়ার মহড়া স্থগিতের কোনো পরিকল্পনা নেই। মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র লি কিয়ুং-হো বলেন, সীমান্তবর্তী দ্বীপগুলোতে মহড়া বন্ধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

বিশেষজ্ঞরা উত্তর কোরিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তেজনা প্রশমনে আহ্বান জানিয়েছেন এবং শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। যদিও ২০১৮ সালে স্বাক্ষরিত আন্তঃকোরীয় সামরিক চুক্তি বিষয়ে নতুন কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তিনি কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় সরকারের প্রচেষ্টাকে সমর্থন করেছেন।
 

Walton Ads