অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে প্রকাশ্যে ‘বিশ্বাসঘাতক’ ও ‘দুর্বল রাজনীতিবিদ’ বলে আক্রমণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ২০ আগস্ট নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহু বলেন, “ইতিহাস আলবানিজকে মনে রাখবে—একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবে যিনি ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের পরিত্যাগ করেছেন।”
এই উত্তপ্ত মন্তব্য আসে এমন এক সময়, যখন ক্যানবেরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে একজন ইসরায়েলি আইনপ্রণেতার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। এর জবাবে সোমবার ইসরায়েল ফিলিস্তিনে নিযুক্ত অস্ট্রেলীয় কূটনীতিকদের ভিসা বাতিল করে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইসরায়েলের এ পদক্ষেপকে ‘অযৌক্তিক প্রতিক্রিয়া’ বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, “নেতানিয়াহুর সরকার ইসরায়েলকে আরও কূটনৈতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিচ্ছে।”
ইসরায়েলের সামরিক অভিযানে বিধ্বস্ত গাজায় মানবিক সংকট ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহলের চাপও বাড়ছে নেতানিয়াহুর সরকারের ওপর।
এর আগে, ১২ আগস্ট অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ অভিযোগ করেছিলেন, “নেতানিয়াহু গাজার মানবিক বিপর্যয়কে অস্বীকার করছেন।” ফ্রান্স, ব্রিটেন ও কানাডার পর সেপ্টেম্বরেই জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে অস্ট্রেলিয়া—এই ঘোষণার একদিন পরেই তিনি ওই মন্তব্য করেন।