রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে কড়া নিরাপত্তা সবসময়ই আলোচনার বিষয়। পৃথিবীর অন্যতম ক্ষমতাধর এই নেতা দিনে দিনে যেন এক রহস্যে মোড়া মানুষে পরিণত হয়েছেন। তার চারপাশে থাকে বিশেষ বাহিনী, যাদের বলা হয় ‘মাস্কেটিয়ার’। এই বাহিনী মূলত রাশিয়ার ফেডারেল প্রটেকটিভ সার্ভিসের এক বিশেষ ইউনিট।

‘চেগেট’ ব্রিফকেসের ভয়ঙ্কর রহস্য

পুতিনের সঙ্গে সবসময় থাকে একটি ব্রিফকেস—যার নাম ‘চেগেট’। তবে এটি কোনো সাধারণ ব্যাগ নয়। আগের সংস্করণ বিস্ফোরিত হলে আধা মাইল জুড়ে সব ধ্বংস হয়ে যেত। বর্তমানে এটি যোগাযোগের যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এক বোতাম চাপলেই দেহরক্ষীরা বুঝে যায়—সময় এসেছে পারমাণবিক আক্রমণের প্রস্তুতি নেওয়ার।

দেহরক্ষীদের কঠিন পরীক্ষা

পুতিনের নিরাপত্তা দলের সদস্য বাছাই করা হয় বিশেষ দক্ষতার ভিত্তিতে। তাদের দিতে হয় মানসিক ও শারীরিক শক্তির ভয়ানক পরীক্ষা। বরফ শীতল আবহাওয়া থেকে শুরু করে প্রচণ্ড গরম—সব কিছুই সামলানোর সক্ষমতা থাকতে হয়। তাদের হাতে থাকে এসআর-১ ভেক্টর পিস্তল, যা বুলেটপ্রুফ ভেস্টও ভেদ করতে সক্ষম।

ভ্রমণে আগে থেকেই নিরাপত্তা বলয়

কোথাও সফরে যাওয়ার কয়েক মাস আগে থেকেই পুতিনের এজেন্টরা গন্তব্য পরীক্ষা শুরু করেন। নিরাপত্তা বাড়াতে বসানো হয় জ্যামিং ডিভাইস, চালানো হয় ইলেকট্রনিক নজরদারি। তার সাঁজোয়া বহরে থাকে একে-৪৭, অ্যান্টি-ট্যাংক গ্রেনেড লঞ্চার, এমনকি অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল পর্যন্ত। বর্তমানে পুতিন চলাফেরা করেন রাশিয়ার তৈরি বিলাসবহুল গাড়ি ‘অরাস সিনেট’-এ।

খাবারের নিরাপত্তা পরীক্ষাও অনন্য

পুতিনের খাবারও নিরাপত্তার নানা ধাপ পেরিয়ে টেবিলে আসে। রান্নার পুরো প্রক্রিয়াতেই নজরদারি থাকে কর্মকর্তাদের। তবুও চূড়ান্তভাবে খাবার টেবিলে আসার আগে অন্যরা তা খেয়ে পরীক্ষা করেন। দেশের বাইরে গেলে আলাদা করে বহন করা হয় তার লবণ, গোলমরিচ, টমেটো সস, পানির বোতল আর ন্যাপকিন।

রহস্যময় ‘পু স্যুটকেস’

সবচেয়ে অবাক করা বিষয় হলো, পুতিনের নিরাপত্তা দলের কাছে থাকে একটি বিশেষ স্যুটকেস। এর মূল কাজ হলো প্রেসিডেন্টের বিদেশ সফরে তার মলমূত্র সংগ্রহ করা। পরে সেগুলো গোপনে ফিরিয়ে আনা হয় রাশিয়ার মস্কোয়। ধারণা করা হয়, এভাবে পুতিনের শারীরিক অবস্থার গোপন তথ্য যাতে অন্য কোনো দেশ জানতে না পারে, সেটিই নিশ্চিত করা হয়।

এক কথায়, পুতিনকে ঘিরে নিরাপত্তার চাদর এতটাই শক্ত যে, তার শরীরের কোনো অতি ব্যক্তিগত তথ্যও যেন রাশিয়ার বাইরে ফাঁস না হয়।

 

Walton Ads