আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ফজরের নামাজের সময় ভয়াবহ সশস্ত্র হামলায় রক্তে ভেসে গেল একটি মসজিদ। এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২৭ জন মুসল্লি, আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার ভোরে কাটসিনা রাজ্যের প্রত্যন্ত মালুমফাশি এলাকার উঙ্গুয়ান মানতাউ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের ওপর হঠাৎই গুলি চালাতে শুরু করে একদল বন্দুকধারী। মুহূর্তেই শান্ত প্রার্থনার পরিবেশ রূপ নেয় মৃত্যুকূপে।

এখনও পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয়রা বলছে, উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় এ ধরনের হামলা প্রায়ই ঘটে থাকে। পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানির বিরোধ থেকেই সাধারণত এসব সহিংসতার সূত্রপাত হয়। গত জুনে দেশটির উত্তর-মধ্যাঞ্চলে অনুরূপ এক হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।

এদিকে রাজ্যের নিরাপত্তা কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, রক্তক্ষয়ী এই হামলার পরপরই এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে, যেন ভবিষ্যতে আর কোনো হামলা ঠেকানো যায়।
 

Walton Ads