মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ইউক্রেনে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি হলে যুক্তরাষ্ট্র আকাশপথে সহায়তা দিতে পারে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ইউক্রেনের সীমান্ত রক্ষায় মার্কিন সেনা পাঠানো হবে না—এ ব্যাপারে কি তিনি নিশ্চয়তা দিতে পারবেন? উত্তরে ট্রাম্প বলেন, “আপনাদের আমার আশ্বাস আছে। আমি প্রেসিডেন্ট। আমি শুধু মানুষ হত্যা বন্ধ করার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সেনা সহায়তা দিতে আগ্রহী। তবে যুক্তরাষ্ট্র সরাসরি সেনা না পাঠালেও “আকাশপথে” সহায়তা দিতে পারে, কারণ আমেরিকার মতো উন্নত সামরিক প্রযুক্তি অন্য কারও কাছে নেই।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটও পরে স্পষ্ট করেন, কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে মার্কিন সেনা ইউক্রেনে যাবে না। তবে যুক্তরাষ্ট্র “সমন্বয়” এবং “নিরাপত্তার অন্যান্য নিশ্চয়তা” দিতে সহায়তা করবে।

ট্রাম্পের এই মন্তব্য এসেছে ঠিক একদিন পর, যখন তিনি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং শীর্ষ ইউরোপীয় নেতাদের আতিথ্য দেন। বৈঠককে ফলপ্রসূ বলা হলেও যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা এখনও বড় বাধা হয়ে আছে।

যদিও ট্রাম্প মনে করেন, শান্তি চুক্তি বাস্তবায়নে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা সেনা মোতায়েনে রাজি হতে পারেন, তবে মস্কো বারবার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
 

Walton Ads