ইরানের সঙ্গে মাত্র ১২ দিনের যুদ্ধে ভয়াবহ সংকটে পড়েছে ইসরাইলের অর্থনীতি। ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির জিডিপি, ব্যবসা ও ব্যক্তিগত খরচে নজিরবিহীন পতন ঘটেছে। চলমান গাজা যুদ্ধের চাপের সঙ্গেও এই ধাক্কা যুক্ত হয়ে ইসরাইলকে মারাত্মক অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে বাড়ছে আশঙ্কা।
ইরানের সঙ্গে যুদ্ধ ইসরাইলকে শুধু সামরিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক দিক থেকেও কাঁপিয়ে দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, তেহরানের সঙ্গে মাত্র ১২ দিনের যুদ্ধে দেশটির অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত ও গাজায় চলমান সামরিক অভিযানের চাপ মিলিয়ে ইসরাইল বড় ধরণের অর্থনৈতিক পতনের মুখে পড়েছে। পার্সটুডের তথ্য অনুযায়ী, ব্লুমবার্গ জানিয়েছে—বার্ষিক ভিত্তিতে ইসরাইলের জিডিপি কমে গেছে ৩.৫ শতাংশ।
সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সাধারণ মানুষের ব্যয়ে। ব্যক্তিগত খরচ কমেছে ৪.১ শতাংশ। একই সঙ্গে স্থায়ী মূলধন গঠন ভেঙে পড়েছে ১২.৩ শতাংশ। যা দীর্ঘমেয়াদে অর্থনীতির স্থিতিশীলতা নষ্ট করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুধু তাই নয়, ইরানি হামলার প্রভাবে ইসরাইলের ব্যবসায়িক খাতও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট জিডিপি কমে গেছে ৬.২ শতাংশ।
প্রতিবেদনের শেষাংশে ব্লুমবার্গ বলেছে, ইসরাইলি অর্থনীতি বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় চাপের মধ্যে আছে। যুদ্ধবাজ নীতির কারণে দেশটির সামষ্টিক অর্থনৈতিক সূচক ক্রমশ নিম্নমুখী হচ্ছে, আর এই ধারাবাহিক পতন ইসরাইলের অর্থনৈতিক ভবিষ্যৎকে আরও অন্ধকারাচ্ছন্ন করে তুলছে।