মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক নৌসৈনিককে চীনের জন্য গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করেছে আদালত। ২৫ বছর বয়সী জিনচাও ওয়েই ছয়টি অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন, যার মধ্যে রয়েছে গুপ্তচরবৃত্তি, ষড়যন্ত্র এবং শ্রেণিবদ্ধ সামরিক তথ্য অবৈধভাবে রপ্তানি করা।

মার্কিন অ্যাটর্নি অ্যাডাম গর্ডন বলেন, “অর্থের বিনিময়ে সামরিক গোপন তথ্য চীনের হাতে তুলে দিয়ে অভিযুক্ত শুধু নৌসেনাদের জীবন নয়, পুরো দেশ এবং এর মিত্রদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছেন।”

ওয়েইকে ২০২৩ সালের আগস্টে গ্রেফতার করা হয়। তিনি USS Essex নামের উভচর যুদ্ধজাহাজে মেশিনিস্ট মেট হিসেবে কাজ করতেন এবং তার হাতে ছিল নিরাপত্তা ছাড়পত্র। এই ছাড়পত্রের মাধ্যমে তিনি জাহাজ ও প্যাসিফিক ফ্লিটের সংবেদনশীল তথ্য পেতেন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ওয়েই ফোনালাপ, ইলেকট্রনিক বার্তা ও অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তথ্য চীনের হ্যান্ডলারকে পাঠাতেন। হ্যান্ডলারকে তিনি ডাকতেন “বিগ ব্রাদার অ্যান্ডি”, আর গোপন যোগাযোগের জন্য ব্যবহার করতেন একাধিক এনক্রিপ্টেড অ্যাপ, নতুন ফোন ও কম্পিউটার।

একটি টেক্সট মেসেজে ওয়েই তার মাকে লিখেছিলেন, “অন্যান্য চীনারা মার্কিন নৌবাহিনীতে থেকেও ট্যাক্সি চালিয়ে অতিরিক্ত আয় করছে। অথচ আমি শুধু গোপন তথ্য ফাঁস করে টাকা কামাচ্ছি।”

ওয়েই ২০২২ সালে মার্কিন নাগরিকত্ব প্রক্রিয়ায় থাকাকালীন এক চীনা এজেন্টের সঙ্গে যুক্ত হন। প্রথমে এজেন্ট নিজেকে চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশনের নৌ-উৎসাহী কর্মী হিসেবে পরিচয় দেন, পরে ধীরে ধীরে ওয়েইকে গুপ্তচরবৃত্তিতে নিয়োগ দেন।

ওয়েই USS Essex-এর ছবি, ভিডিও, নৌজাহাজের অবস্থান, প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রযুক্তিগত সমস্যা সম্পর্কিত তথ্য চীনা হ্যান্ডলারের কাছে পাঠাতেন। বিনিময়ে ১৮ মাসে তিনি পেয়েছেন প্রায় ১২,০০০ ডলার।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ওয়েইর সাজা ১ ডিসেম্বর ঘোষণা করা হবে, সর্বোচ্চ সাজা হতে পারে আজীবন কারাদণ্ড।
এছাড়া আরও এক নৌসৈনিক ওয়েনহেং ঝাওও ২০২৩ সালে চীনের কাছে সামরিক তথ্য বিক্রির অভিযোগে গ্রেফতার হন। ঝাওকে গত বছর ২৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
 

Walton Ads