তুরস্কের বন্দর কর্তৃপক্ষগুলো শিপিং এজেন্টদের নির্দেশ দিয়েছেন, তাদের জাহাজের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই এবং জাহাজে সামরিক বা বিপজ্জনক মালামাল নেই—এমন একটি লিখিত ঘোষণা দিতে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই কর্মকর্তা জানিয়েছেন, এ নির্দেশনা অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, বন্দর প্রধানের দপ্তর মৌখিক নির্দেশনা দিয়েছে, তবে এখনও কোনো দাপ্তরিক বিজ্ঞপ্তি জারি হয়নি। তবু, তুরস্কের বিভিন্ন বন্দরে এ নিয়ম প্রয়োগ করা হচ্ছে।
নির্দেশনায় বলা হয়েছে, নিশ্চয়তা পত্রে উল্লেখ থাকতে হবে যে জাহাজের মালিক, ব্যবস্থাপক ও পরিচালনা কোম্পানির সঙ্গে ইসরায়েলের কোনো যুক্ততা নেই এবং জাহাজে ইসরায়েলের উদ্দেশ্যে বিস্ফোরক, তেজস্ক্রিয় পদার্থ বা সামরিক সরঞ্জাম তোলা হয়নি।
রয়টার্স তুরস্কের পরিবহন মন্ত্রণালয়কে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে, তবে তারা এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি।
তুরস্কের সঙ্গে ইসরায়েলের বার্ষিক ৭০০ কোটি ডলারের বাণিজ্য ছিল, যা গাজা যুদ্ধে উত্তেজনার পর গত বছর আঙ্কারা ছিন্ন করেছে।