চীনের গুয়াংডং প্রদেশের ইয়াংজিয়াং শহরে জন্মনিয়ন্ত্রণ পিল কিনতে গিয়ে এক ব্যক্তির গোপন পরকীয়া প্রকাশ হয়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যম ও সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ব্যক্তিটি একটি ফার্মেসি থেকে পিলটি কিনতে যান।
মোবাইল পেমেন্ট করতে গিয়ে ১৫.৮ ইউয়ান দেওয়া সময় তার সমস্যা হয়। পরে ফার্মেসির কর্মীরা তার মেম্বারশিপ কার্ডে থাকা ফোন নম্বরে কল দেন। দুর্ভাগ্যবশত, কলটি তার স্ত্রীর কাছে চলে যায়। স্ত্রী ফোন ধরার সঙ্গে সঙ্গে জানতে পারেন, স্বামী জন্মনিয়ন্ত্রণ পিল কিনছেন। এতে তার পরকীয়া ফাঁস হয়ে যায়।
বিব্রত স্বামী অভিযোগ করেছেন, ফার্মেসির ভুলের কারণে তার ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ হয়েছে। তিনি রসিদসহ পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
আইন বিশেষজ্ঞ ফু জিয়ান বলেন, “পারিবারিক ভাঙনের মূল কারণ স্বামীর অবিশ্বস্ততা। যদি সত্যিই ফার্মেসি তার গোপনীয়তা লঙ্ঘন করে থাকে, প্রমাণ দেখাতে হবে। তবে এটি প্রমাণ করা কঠিন, কারণ ফোন কল বৈধ ছিল এবং ফার্মেসির উদ্দেশ্য তথ্য ফাঁস করা ছিল না।”
এর আগে চীনের আরেক ঘটনায় এক নারী স্বামীর ভাড়া করা অ্যাপার্টমেন্টে গোপন ক্যামেরা বসিয়ে পরকীয়া ধরেছিলেন। ভিডিও অনলাইনে ছড়িয়ে দেয়ার পর আদালত তাকে ভিডিও মুছে ফেলার নির্দেশ দেন। তবে অন্য স্ত্রীকে ক্ষতিপূরণ বা ক্ষমা প্রার্থনার আবেদন খারিজ করা হয়। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।