স্কুল শিশু-কিশোরদের জন্য নৈতিকতা ও শিক্ষার জায়গা হলেও, মাঝে মাঝেই এ স্থান কেলেঙ্কারির ঘটনায় আলোচিত হয়। শিক্ষকের দায়িত্বে থেকেও কেউ কেউ শিক্ষার্থীদের প্রতি ভয়ংকর আচরণ করছে—যা একের পর এক প্রকাশ্যে আসছে। এবার এমনই এক ঘটনায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বড়সড় চাঞ্চল্য তৈরি হয়েছে।
৩৪ বছর বয়সী স্কুলশিক্ষিকা ক্যাটেলিন ক্যাম্পবেলের বিরুদ্ধে অভিযোগ, তিনি মাত্র ১৫ বছরের এক ছাত্রের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন পিপল জানায়, এ অভিযোগে গত সপ্তাহে ক্যাম্পবেলকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে হ্যালিফ্যাক্স কাউন্টি অ্যাডাল্ট ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। রেকর্ডে বলা হয়েছে, তার বিরুদ্ধে ১৫ বছর বা তার বেশি বয়সী এক কিশোরের সঙ্গে সম্মতিমূলক যৌন সম্পর্ক এবং অভিভাবকের দায়িত্বে থাকা অবস্থায় শিশুর প্রতি অশোভন আচরণ—এই দুই অভিযোগ আনা হয়েছে।
ক্যাটেলিন ক্যাম্পবেল ছিলেন ভার্জিনিয়ার সি.এইচ. ফ্রেন্ড স্কুলের ইংরেজি শিক্ষিকা। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরিচালিত এ খ্রিস্টান স্কুলে তিনি কর্মরত ছিলেন। অভিযোগ ওঠার পর গত মাসেই স্কুল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে।
স্কুলের প্রধান শিক্ষিকা ডানা জোনস এ বিষয়ে বলেন, “আমরা বিষয়টি গোপন করিনি, সততাই বেছে নিয়েছি। ভুক্তভোগী একজন পুরুষ শিক্ষার্থী। পুলিশকে জানিয়েছি, যাতে তারা তদন্ত এগিয়ে নিতে পারে।”
জেলার কারাগারের নথি অনুযায়ী, গ্রেপ্তারের দিনই ক্যাম্পবেল ২,৫০০ ডলার জামিনে মুক্তি পান। এদিকে অভিযোগের ঘটনাটি ঘটেছে ২০২৪ সালের ১ নভেম্বর। তদন্ত এখনো চলছে, তবে স্থানীয় প্রসিকিউটরের দপ্তর থেকে এ বিষয়ে তৎক্ষণাৎ কোনো মন্তব্য পাওয়া যায়নি।