ইসরায়েলের রাজনীতিতে ফের বাড়ছে উত্তেজনা। গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য এবার সরাসরি ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। শনিবার এক টেলিভিশন ভাষণে তিনি এ আহ্বান জানান।

গ্যান্টজ বলেন, “আমি আজ সেই সব জিম্মিদের হয়ে কথা বলছি, যাদের কোনো কণ্ঠ নেই। আমি আজ সেই সব সৈন্যদের জন্য দাঁড়াচ্ছি, যাদের আর্তনাদ এই সরকার শোনে না। আমাদের রাষ্ট্রের প্রথম দায়িত্ব হলো ইহুদি হোক বা না হোক—সব নাগরিকের জীবন রক্ষা করা।”

তিনি স্পষ্ট করে দেন, বর্তমান সরকারের অতি-ডানপন্থি মিত্ররা হামাসের সঙ্গে যে কোনো চুক্তির বিরোধিতা করছে। তাই জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হলে জরুরি ভিত্তিতে অস্থায়ী ঐক্যের সরকার দরকার, যাতে ওই শক্তিগুলোকে পাশ কাটানো যায়।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলার পর যখন গাজায় যুদ্ধ শুরু হয়, তখন গ্যান্টজ নেতানিয়াহুর সঙ্গে জোটবদ্ধ হয়েছিলেন। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়া, জিম্মি সংকট নিরসনে ব্যর্থতা এবং চরমপন্থিদের চাপের কারণে তিনি এখন বিকল্প পথ খুঁজছেন।

গ্যান্টজ আরও আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদ ও আভিগদোর লিবারম্যানকে—যদিও তারা আগে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগদানে অনীহা প্রকাশ করেছিলেন।

এদিকে নেতানিয়াহুর জোট সরকারও টালমাটাল। সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষার্থীদের ভর্তি বাধ্যতামূলক করার আইনের বিরোধিতা করছে অতি-গোঁড়া ইহুদি দলগুলো। ফলে সংসদের গ্রীষ্মকালীন ছুটি শেষে সরকার ভেঙে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
 

Walton Ads