ইয়েমেনের শীর্ষ সেনা জেনারেলকে হত্যার চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, দ্বিতীয়বারের মতো ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল-ঘামারিকে টার্গেট করে অভিযান চালানো হলেও তিনি অক্ষত রয়েছেন।

ইসরায়েলি নিউজ ওয়েবসাইট ওয়ালা নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আল-ঘামারিকে হত্যা করার জন্য একটি গোপন অপারেশন পরিচালনা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি বেঁচে যান, আর হত্যাচেষ্টা ব্যর্থ হয়।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইয়েমেন থেকে অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল এখন বড় ধরনের সামরিক প্রতিক্রিয়ার কথা বিবেচনা করছে। জানা গেছে, ইসরায়েলি সেনাবাহিনী ও মোসাদ যৌথভাবে একটি ‘টার্গেট ব্যাংক’ বা লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত করছে, যেখানে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে আক্রমণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এটি প্রথমবার নয়। এর আগে ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ চলাকালে ইসরায়েলি বিমানবাহিনী জেনারেল আল-ঘামারিকে হত্যার চেষ্টা করেছিল বলে খবর প্রকাশ করেছিল স্থানীয় গণমাধ্যম। তবে সেবার মতো এবারও তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
 

Walton Ads