গাজা সিটির গভীরে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। আল–জাজিরার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, গাজার সাবরা এলাকায় ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি সেনারা। ধারণা করা হচ্ছে, এ পদক্ষেপ গাজা দখল এবং সেখানে বসবাসকারী অন্তত এক কোটি ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার বড় পরিকল্পনার অংশ।

ইসরায়েল জানিয়েছে, গাজা সিটিতে হামলার আগে ৬০ হাজার রিজার্ভ সেনা জড়ো করা হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নতুন সেনারা যোগ দেবে এবং এরপর বড় আকারের হামলা শুরু হতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিস, দেইর আল–বালাহ ও গাজা সিটির ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। আবারও হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শিশুরা আতঙ্কে রাস্তায় দৌড়াচ্ছে, আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে। গাজার উত্তরাংশে ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন সাংবাদিক খালেদ আল মাদহুন।
সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ২৭০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে একটি চিঠি লিখেছেন। তিনি অনুরোধ করেছেন, ইউক্রেনীয় শিশুদের মতো গাজার শিশুদের প্রতিও যেন মেলানিয়া একই সংবেদনশীলতা দেখান। তাঁর ভাষায়, “বিশ্ব এখন ফিলিস্তিনের স্বীকৃতি চাইছে।”

আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, গাজা সিটি ও আশপাশে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু হয়েছে। এতে ইসরায়েলের ওপর গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর চাপ আরও বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, টানা ২২ মাসের বোমাবর্ষণে ৬২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে আল–জাজিরা জানিয়েছে, প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি হতে পারে।

ইসরায়েলি সেনারা সবসময় দাবি করেছে যে, তারা শুধু হামাস যোদ্ধাদের টার্গেট করে। কিন্তু ফাঁস হওয়া এক সামরিক রিপোর্ট বলছে, গাজায় নিহতদের ৮৩ শতাংশই সাধারণ বেসামরিক মানুষ। ডেটাবেজ বিশ্লেষণে দেখা গেছে, মে মাস পর্যন্ত গাজায় ইসরায়েল প্রায় ৮,৯০০ যোদ্ধাকে হত্যা করেছে, যা মোট নিহতদের মাত্র ১৬.৮ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, টানা হামলায় এখন পর্যন্ত ৬২,৬৮৬ জন নিহত এবং ১ লাখ ৫৭ হাজারের বেশি আহত হয়েছেন। হাজারো মানুষ এখনও নিখোঁজ। দ্য ল্যানসেট–এর গবেষণা বলছে, প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অন্তত ৪০ শতাংশ বেশি হতে পারে। কারণ অনেক লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বা বোমায় পুড়ে গেছে।
 

Walton Ads