গাজায় হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন—বন্দিবিনিময়ের প্রস্তাব যেন আর দেরি না করে মেনে নেন।

রোববার ২৪ আগস্ট ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৩–তে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, গাজা সিটি দখলের অভিযান জিম্মিদের জীবনকে এখন “গুরুতর ঝুঁকির মুখে” ফেলে দিয়েছে।

সেনাপ্রধানের এই বক্তব্য আসে এমন সময়ে, যখন জিম্মিদের পরিবারগুলো সরকারকে চুক্তি মেনে নিতে ক্রমাগত চাপ দিচ্ছে। তাদের দাবি, যুদ্ধ থামিয়ে হলেও প্রিয়জনদের ফেরাতে হবে।

গত বৃহস্পতিবার নেতানিয়াহু ঘোষণা করেছিলেন, গাজা সিটি দখলের পরিকল্পনা চলমান থাকবে এবং এর বাসিন্দাদের সরিয়ে নেয়া হবে। একইসাথে তিনি জিম্মিদের মুক্তির আলোচনা চালানোরও নির্দেশ দেন। তবে তাঁর কথায় ইঙ্গিত মেলে, তিনি চান একটি নতুন শর্তে চুক্তি হোক।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বর্তমান প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখেই হামাস ইতোমধ্যে সম্মতি জানিয়েছে। এখন মধ্যস্থতাকারী মিশর ও কাতার অপেক্ষা করছে নেতানিয়াহুর সাড়া পাওয়ার।

চ্যানেল ১৩–তে দেওয়া বক্তব্যে ইয়াল জামির স্পষ্ট করে বলেন, “আলোচনার টেবিলে একটি প্রস্তাব আছে। এটি এখনই গ্রহণ করা উচিত। সেনাবাহিনী এর বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে। সিদ্ধান্ত একমাত্র নেতানিয়াহুর।
গাজা দখল নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সেনাবাহিনী চাইলে গাজা দখল করতে পারবে। কিন্তু এই অভিযান জিম্মিদের জীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলবে।

অন্যদিকে জিম্মিদের পরিবার সেনাপ্রধানের কথাকে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, “৫০ জন জিম্মি ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করতে একটি পূর্ণাঙ্গ চুক্তি এখন জনগণেরই দাবি।
 

Walton Ads