রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব ন্যাটোর বদলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ অন্য কয়েকটি দেশের জোটবদ্ধ উদ্যোগ নিতে পারে। তিনি আরও বলেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করা রাশিয়ার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার।
রোববার ২৪ আগস্ট ইউক্রেন স্বাধীনতা দিবস উপলক্ষে রাশিয়ায় ড্রোন হামলা চালায়। এতে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায়। পাশাপাশি, নোভাতেকের একটি জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভে অনুষ্ঠিত প্রতিরক্ষা ফোরামে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ইউরোপীয় বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা। নিজের দেশকে সমর্থন দেয়ায় অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি।
ল্যাভরভ এনবিসি নিউজকে সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হলো—
ইউক্রেন ন্যাটোর সদস্য না হোক, স্থায়ী নিরপেক্ষতা বজায় থাকুক, রুশভাষী জনগণের সুরক্ষা নিশ্চিত করা হোক।
তিনি সীমান্ত ও ভূখণ্ড ইস্যুতেও আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়া প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসনের সঙ্গে নমনীয়তা দেখিয়েছে। তিনি বলেন, উভয়পক্ষের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমঝোতার পথ খুঁজে শান্তি প্রতিষ্ঠায় চাপ দেওয়া অব্যাহত থাকবে।