ইসরাইলকে বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসনব্যবস্থা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার ২৬ আগস্ট তার কার্যালয় থেকে হিব্রু ভাষায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে এ মন্তব্য করা হয়। খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ।
পোস্টে খামেনির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়— “আজ আমাদের শত্রু ইহুদিবাদী শাসনব্যবস্থা বিশ্বের সবচেয়ে ঘৃণ্য শাসনব্যবস্থা। জাতিগুলো এই সরকারকে ঘৃণা করে, এমনকি অনেক রাষ্ট্রও এর নিন্দা জানায়।
ইরানের সর্বোচ্চ নেতা আরও অভিযোগ করেন, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। তার দাবি, এটি ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ ছিল।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য হলো ইরানকে তাদের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের প্রতি আনুগত্যে বাধ্য করা। কিন্তু জনগণ, সেনাবাহিনী ও সরকার একসঙ্গে দাঁড়িয়ে শত্রুর বিরুদ্ধে লড়ছে।
খামেনি অভিযোগ করেন, বিদেশি শক্তিগুলো এখন ইরানের ভেতরে বিভেদ তৈরি করতে চাইছে। “শত্রুর প্রধান কৌশল হলো দেশে অস্থিরতা ছড়ানো। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এজেন্টরা সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে।
তবে দেশবাসীর ঐক্যের প্রশংসা করে তিনি আরও বলেন— “আল্লাহর কৃপায় আজ ইরান ঐক্যবদ্ধ। মতপার্থক্য থাকলেও দেশের সার্বিক নিরাপত্তা ও রাষ্ট্রব্যবস্থা রক্ষায় জনগণ একত্রিত হয়ে শত্রুর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে।