ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় দুই বছর ধরে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি, প্রাণ হারিয়েছেন লাখো মানুষ, উদ্বাস্তু হয়েছেন অন্তত ২০ লাখ ফিলিস্তিনি। ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যেই ইসরাইল যুদ্ধ জোরদার করলেও এবার ভিন্ন সুর শোনা যাচ্ছে—নিজেদের সেনাদের মধ্য থেকেই!
ইসরাইলি গণমাধ্যম ওয়াল্লা নিউজ জানাচ্ছে, আগাম ইনস্টিটিউটের করা এক জরিপে দেখা গেছে, নিয়মিত ও রিজার্ভ উভয় ধরনের সেনাদের মধ্যে ৭৩ শতাংশ গাজা যুদ্ধের অবসান চায়। তারা মনে করছে, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি ও যুদ্ধবিরতির পথে এগোনো উচিত।
আরও চমকপ্রদ বিষয় হলো, ৪০ শতাংশ সেনা জানিয়েছেন, তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রেরণা কমে গেছে। এমনকি ৬৪ শতাংশ উত্তরদাতা সরাসরি বলছেন—এই যুদ্ধ রাজনৈতিক কারণে চালানো হচ্ছে, সামরিক নয়।
সেনাদের এই মনোভাবের প্রতিধ্বনি মিলছে সাধারণ জনগণের মধ্যেও। জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ ইসরাইলি নাগরিক যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করেন। প্রায় ৭৪ শতাংশ মানুষ যুদ্ধের অবসান ও বন্দি বিনিময়ের আলোচনার পক্ষে।
সবচেয়ে বিস্ময়কর ফল এসেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির ভোটারদের কাছ থেকে। জরিপ অনুযায়ী, তাদের মধ্যে ৫৪ শতাংশ-ই যুদ্ধ থামানোর পক্ষে মত দিয়েছে—যদিও এটি সরকারের বর্তমান নীতির সঙ্গে সাংঘর্ষিক।