মহারাষ্ট্রে হৃদয়বিদারক এক ঘটনা। স্বামীকে বাঁচাতে লিভারের অংশ দান করেছিলেন স্ত্রী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—শেষমেশ প্রাণ হারালেন দুজনই।

পুলিশ ও স্বাস্থ্য দপ্তর জানায়, পুণের একটি বেসরকারি হাসপাতালে ১৫ আগস্ট লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচার হয় বাপু কোমকার নামে এক রোগীর। স্ত্রী কামিনী কোমকার স্বামীর জন্য লিভারের অংশ দান করেন। কিন্তু অপারেশনের পর বাপুর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। মাত্র দুই দিন পর, ১৭ আগস্ট তিনি মারা যান।

এরপর অঙ্গদাতা স্ত্রী কামিনীও সংক্রমণে আক্রান্ত হন। ২১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দুজনের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করেছে।

মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের ডেপুটি ডিরেক্টর নাগনাথ ইয়েমপাল্লে জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের চিকিৎসা সংক্রান্ত সব নথি সোমবারের মধ্যে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে রোগীদের বক্তব্য সংবলিত ভিডিও ফুটেজও জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তদন্তে সব ধরনের সহযোগিতা করবে। কোমকার পরিবারকে সমবেদনা জানিয়ে হাসপাতালের দাবি—বাপুর আগেই একাধিক জটিল শারীরিক সমস্যা ছিল, আর প্রতিস্থাপনের ঝুঁকি সম্পর্কে পরিবার ও দাতাকে জানানো হয়েছিল।

হাসপাতালের ব্যাখ্যায় আরও বলা হয়েছে, অঙ্গদানের পর কামিনী প্রথমে সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ সেপটিক শকে আক্রান্ত হয়ে তার শরীরের একে একে বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যায় এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটে।
 

Walton Ads