রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মোটেই পছন্দ করেন না। আর সেই কারণেই জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে রাজি নন তিনি—এমনই বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা থমকে থাকার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক না হলে রাশিয়াকে বড় ধরনের পরিণতির মুখে পড়তে হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউংয়ের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় সাংবাদিকদের তিনি বলেন, “এর পরিণতি খুবই গুরুতর হতে পারে। তবে আমরা দেখব কী হয়। এই সংঘাত অবশ্যই শেষ হতে হবে।”
অন্যদিকে ২২ আগস্ট রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করে জানিয়েছেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে কোনও বৈঠকের পরিকল্পনা নেই। তার ভাষায়, পুতিন তখনই আলোচনায় বসবেন, যখন বৈঠকের জন্য বাস্তবসম্মত এজেন্ডা তৈরি হবে।