ভারত থেকে হু হু করে পানি আসায় ভয়াবহ বন্যার শঙ্কায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নদীপাড়ের হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ও আশপাশের এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে রবি, চেনাব ও সুতলেজ নদীর পানি দ্রুত বাড়ছে। ইতিমধ্যেই পাঞ্জাবের কাসুর, ভাওয়ালনগর ও বিহারী এলাকা থেকে প্রায় দেড় লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনার এক কর্মকর্তা বার্তাসংস্থা আনাদোলুকে বলেন, টানা বৃষ্টিতে বাঁধ উপচে পড়ায় ভারত পানি ছেড়েছে। তবে শুধু ভারতের পানি ছাড়ার কারণেই নয়, কয়েকদিন ধরে পাকিস্তানের ওই অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার প্রভাবেও নদীগুলো ফুলেফেঁপে উঠেছে।

এর আগে গত রোববার ভারত পাকিস্তানকে আগাম সতর্ক করে জানিয়েছিল, বাঁধের পানি ছাড়ার ফলে তাওয়াই নদীতে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। হিমাচল প্রদেশ, কাশ্মির, পাঞ্জাব ও উত্তরাখণ্ডে অস্বাভাবিক বৃষ্টিপাতের পরই ভারত বাধ্য হয়ে পানি ছেড়ে দেয়।

প্রসঙ্গত, গত এপ্রিলে জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে। এরপর এবারই প্রথমবার তারা নদীর পানির বিষয়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল।
 

Walton Ads