তালাকের এক বছরের মধ্যেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দুবাইয়ের শাসকের কন্যা শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম। এবার তিনি মার্কিন জনপ্রিয় র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদনমাধ্যম টিএমজেডকে এই খবর নিশ্চিত করেন মন্টানার এক প্রতিনিধি। খবর দিয়েছে নিউইয়র্ক পোস্ট।

মরক্কোর বংশোদ্ভূত মার্কিন এই র‍্যাপারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, গত জুনে প্যারিস ফ্যাশন উইকের সময় মন্টানা আনুষ্ঠানিকভাবে মাহরাকে বিয়ের প্রস্তাব দেন। তবে তাদের বিয়ের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

শেখা মাহরা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাই শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের কন্যা। তিনি যুক্তরাজ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেছেন এবং দুবাইভিত্তিক মোহাম্মদ বিন রাশেদ গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিশেষ ডিগ্রিও অর্জন করেছেন।

২০২৩ সালের মে মাসে মাহরা শেখ মানা বিন মোহাম্মদ বিন রাশেদ বিন মানা আল মাকতুমকে বিয়ে করেছিলেন। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে। সেই সংক্ষিপ্ত দাম্পত্য জীবনে তাদের এক কন্যাসন্তান রয়েছে।

বিচ্ছেদের কারণ নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। গত বছর ইনস্টাগ্রামে প্রকাশ্যে স্বামী শেখ মানাকে তালাক দেন মাহরা। তিনি পোস্টে লিখেছিলেন, “প্রিয় স্বামী, তুমি হয়তো এখন অন্য সঙ্গীদের সঙ্গে আছো। আমি এখানেই আমাদের বিচ্ছেদ ঘোষণা দিচ্ছি—তালাক, তালাক, তালাক।” এই ঘোষণা মুহূর্তেই ভাইরাল হয়।

বিচ্ছেদের পর মাহরা নিজের ব্র্যান্ড Mahra M-One থেকে “Divorce” নামের একটি পারফিউম বাজারে আনেন, যা বর্তমানে দারুণ ব্যবসা করছে।

এরপর থেকেই গুঞ্জন শুরু হয় মাহরা (৩১) ও মন্টানা (৪০)-র সম্পর্ক নিয়ে। ২০২৪ সালের শেষদিকে দুবাইয়ে মন্টানাকে ঘুরিয়ে দেখান মাহরা। সামাজিক মাধ্যমে একসঙ্গে তোলা ছবিও প্রকাশ করেন। পরে দুবাই, মরক্কো এমনকি প্যারিসে একাধিকবার তাদের একসঙ্গে দেখা গেছে। চলতি বছরের প্যারিস ফ্যাশন শোতে হাত ধরে হাঁটার পর তাদের প্রেমের বিষয়টি নিশ্চিত হয়।

ফ্রেঞ্চ মন্টানার আসল নাম করিম খারবুশ। মরক্কোয় জন্ম নেওয়া এই শিল্পী ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান। ২০০০ সালের শুরুর দিকে ‘ইয়াং ফ্রেঞ্চ’ নামে সংগীতজীবন শুরু করে তিনি ‘আনফরগেটেবল’, ‘নো স্টাইলিস্ট’ ও ‘ওয়েলকাম টু দ্য পার্টি’র মতো জনপ্রিয় গান দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পান।

সংগীতের বাইরে মন্টানা দাতব্য কাজের জন্যও প্রশংসিত। উগান্ডা ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে তিনি তহবিল দিয়েছেন। ২০০৭ সালে তিনি উদ্যোক্তা ও ডিজাইনার নাদিন খারবুশকে বিয়ে করেছিলেন। তাদের একমাত্র ছেলে ক্রুজ খারবুশের (১৬) জন্মের পর ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

 

Walton Ads